৯দলের ডাকে ২৩শে দেশজুড়ে প্রতিবাদ দিবস
নয়াদিল্লি, ১৯শে আগস্ট— কেন্দ্রের আনা লোকপাল বিলের খসড়া মানবে না চার বামপন্থী দলসহ মোট ৯টি ধর্মনিরপেক্ষ দল। শুক্রবার নয়াদিল্লিতে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে গোপালন ভবনে ধর্মনিরপেক্ষ ৯টি বিরোধী দলের নেতারা বৈঠক করেন। বৈঠকের পর তাঁরা জানান, দুর্নীতি মোকাবিলায় এই বিল দুর্বল এবং অক্ষম। তাই কার্যকরী লোকপাল বিলের দাবিতে ২৩শে আগস্ট দেশজুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে।
এই বৈঠকে সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বাসুদেব আচারিয়া, সি পি আই-র সাধারণ সম্পাদক এ বি বর্ধন, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, আর এস পি-র অবনী রায়, তেলুগু দেশমের প্রধান চন্দ্রবাবু নাইডু, জনতা দল (এস)-র প্রধান এইচ ডি দেবগৌড়া, রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিং, এ ডি এম কে-র থাম্বিদুরাই এবং বিজু জনতা দলের নেতা ভারতহরি মহতাব উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ৯দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৈঠকে উপস্থিত হন। নয় দলের পক্ষ থেকে সি পি আই (এম) সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বৈঠকের সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মসূচী তুলে ধরেন। তিনি জানান দেশের অধিকাংশ মানুষ অবাধ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন। বিশেষ করে সরকারের উচ্চস্তরে দুর্নীতিতে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। লোকপাল বিলের দাবিতে আন্না হাজারের সাম্প্রতিক আন্দোলনে তার প্রকাশ দেখা যাচ্ছে। আমরা ন’টি দলের প্রতিনিধিরা আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, কেন্দ্রীয় সরকারের পেশ করা লোকপাল বিলের খসড়া মানা হবে না। কারণ এটি দুর্বল ও অকার্যকরী। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে এই বিল যথেষ্ট নয়। দুর্নীতি দমনে কার্যকরী লোকপাল বিলের দাবিতে এই নয়টি দল লড়াই করবে বলে তিনি এদিন জানান। সরকারের পেশ করা বিলটি বর্তমানে স্ট্যাডিং কমিটিতে আছে। কারাত বলেন এই নয়টি দলের সাংসদরা স্ট্যান্ডিং কমিটিতে আছেন। তাঁরা স্ট্যান্ডিং কমিটিতে কার্যকরী লোকপাল বিলের দাবি জানিয়েছেন। সরকারের পেশ করা বিলের সংশোধন যথেষ্ট নয় বলে জানিয়ে দেন কারাত।
তিনি বলেন, শুধুমাত্র একটি লোকপাল বিল যথেষ্ট নয়। উচ্চস্তরের দুর্নীতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরী বলে কারাত জানান। বিচারবিভাগের উচ্চস্তরের দুর্নীতি মোকাবিলায় বিচারবিভাগের দায়বদ্ধতার জন্য কমিটি গঠন করা প্রয়োজন। নির্বাচনে অর্থশক্তির ব্যবহার রুখতে নির্বাচনী সংস্কার এবং কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে অবৈধ উপায়ে বিদেশে পাচার করা টাকা ফেরত আনা যায়।
উল্লেখ্য, সি পি আই (এম) ও বামপন্থীরা আগেই লোকপাল বিলের সরকারী খসড়া সম্পর্কে আপত্তির কথা জানিয়েছিল।
এদিন মানুষের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলনের ওপরে কেন্দ্রীয় সরকারের দমন পীড়নেরও কড়া সমালোচনা করেছে নয়টি বিরোধী দল। প্রকাশ কারাত এদিন এই প্রসঙ্গে জানান, আন্না হাজারে এবং তাঁর সহকর্মীদের অনশন আন্দোলন আটকাতে কেন্দ্রীয় সরকার যে স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এটা দেশের নাগরিকদের শান্তিপূর্ণ বিক্ষোভের গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা বলে চিহ্নিত করেন তিনি। দিল্লিসহ সারা দেশে সংগঠিত হওয়ার অধিকার, প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য বিধিনিষেধ চাপানোর বহর বেড়েই চলেছে। গণতান্ত্রিক অধিকার এবং প্রতিবাদের অধিকার রক্ষার জন্য এই নয়টি রাজনৈতিক দল লড়াই করে যাবে বলে জানান প্রকাশ কারাত।
দুর্নীতি রুখতে কার্যকরী এবং শক্তিশালী লোকপাল বিলের দাবিতে এবং গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার দাবিতে আগামী ২৩শে আগস্ট দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে নয়টি ধর্মনিরপেক্ষ বিরোধী দল। ঐ দিন দেশজুড়ে বিক্ষোভ ও ধরনা হবে। সব রাজ্যের রাজধানী শহরে এবং জেলা সদরে সমাবেশ হবে। এই দাবিতে ভারত বন্ধের ডাক দেওয়া হবে কি না জানতে চাইলে প্রকাশ কারাত বলেন, আজকের বৈঠকে যে কর্মসূচী স্থির হয়েছে প্রাথমিকভাবে তা রূপায়ণের পর আমরা আবার বৈঠকে করবো। তারপর পরবর্তী কর্মসূচী স্থির করা হবে।

Recent comments
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 38 weeks ago
1 year 39 weeks ago
1 year 39 weeks ago
1 year 39 weeks ago